নরসিংদী: নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২ মে) সকালে সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিংস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল-আমিন মিয়া (৩০) রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শহরের চৌয়ালায় বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনরা জানায়, নিহত আল-আমিন ও হত্যার অভিযুক্ত হাসানের ছোট বোনকে বিয়ের দাবিতে বেশ কিছু দিন ধরে নাঈম নামের এক বখাটে যুবক উত্যাক্ত করে আসছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সঙ্গে মিমাংসায় আসে আল-আমিন। বিষয়টি তার ছোটভাই হাসান মেনে নিতে না পেরে গত রাতে বড়ভাই আল-আমিনের সঙ্গে মোবাইল ফোনে বাক বিতন্ডায় জড়ায় হাসান। শনিবার সকালে পূনরায় নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় এসে বড় ভাই আল আমিনের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই যুবকের। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সাথে অভিযুক্ত ছোট ভাই হাসানকে গ্রেফতার করতে অভিযান চলছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাঈম নামের যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।