Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ কল-কারখানা সচল করতে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৩:১১ | আপডেট: ৪ মে ২০২৬ ১৪:২৩

ঢাকা: দেশের শিল্প খাতকে শক্তিশালী করতে এবং স্থবির হয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দফতরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ থাকা কল-কারখানাগুলোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শোচনীয় অবস্থা এবং সেগুলো পুনরায় সচল করার কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পাট ও বস্ত্র খাতের হারানো গৌরব পুনরুদ্ধার করাই ছিল এই সভার প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

এই উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। এছাড়া বৈঠকে বিশেষ গুরুত্বের সাথে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা নতুন বিনিয়োগের মাধ্যমে কীভাবে কারখানাগুলোকে আধুনিক উৎপাদনমুখী করা যায়, সেই বিষয়ে বিডা প্রধানের সাথেও গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বন্ধ কারখানাকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পুনরায় সচল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে অতি দ্রুত এই কারখানাগুলোর বর্তমান দায়-দেনা এবং যন্ত্রপাতির অবস্থা নিরূপণ করে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা জমা দেওয়া হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর