Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৪:১৯

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা।

সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েকশ গ্রাহক মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন।

এরপর তারা ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তালা দেন। এসময় প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। আমানতকারীরা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ মিছিলও করেন।

বিজ্ঞাপন

গ্লোবাল ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখার আমানতকারী জয়া চৌধুরী বলেন, ‘গ্লোবাল ইসলামী ব্যাংকে আমার অর্ধকোটি টাকা আটকে আছে। তারা এক টাকাও দিচ্ছে না। ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি শাখার আমানতকারীরা বলেন, ‘মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা ব্যাংকে রেখে কি অপরাধ করেছি? আমার টাকা আমি ফেরত নেব, তাতে আবার হেয়ার কাট কিসের? আমাদের টাকা দ্রুত ফেরত দিতে হবে। কোনো তালবাহানা চলবে না।’

আন্দোলনকারীরা জানান, নিয়ম অনুযায়ী তারা সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন। এখন শাখায় শাখায় তালা ঝোলানো কর্মসূচি চলছে। সামনে বড় কর্মসূচি আসবে।

সারাবাংলা/এসএন/এনজে