জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার (৩ মে) প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ শুরু হবে মঙ্গলবার (৫ মে) থেকে। এই কার্যক্রম চলবে ১৭ মে পর্যন্ত।
প্রথম মেধাতালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হবে, সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ৫ মে থেকে ১৭ জুনের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তার প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এজন্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে যেতে হবে। এরপর অনার্স লগইন-এ গিয়ে নির্ধারিত অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে।
প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমের সঙ্গে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিংবা সরাসরি এই টাকা ৬ মে থেকে ১৮ মের মধ্যে জমা দেওয়া যাবে। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষকে ৬ মে থেকে ১৯ মের মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ-
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজগুলো হলো—অনলাইন আবেদন ফরম, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এসএসসি মার্কশিট ও সনদ, এইচএসসি মার্কশিট ও সনদ, এইচএসসির প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এনআইডি না থাকলে জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি ২ থেকে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিও প্রয়োজন হবে।
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। কৃতকার্যদের মধ্য থেকে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মানবিক বিভাগে রয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৩৪ জন।