ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আদালতের আদেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। শনিবার (২ মে) রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ করে। রোববার (৩ মে) মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি তিনি। আইন অনুযায়ী, আমরা তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করার সিদ্ধান্ত দিয়েছি।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আজ এনসিপির আরেক প্রার্থীর আদালতে শুনানির কথা ছিল বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আদালতের আদেশে একজনের মনোনয়নপত্র গ্রহণ করে বৈধ হওয়ার পর গেজেট করছি আমরা। এটাও আদালতের আদেশ। ভবিষ্যতে অন্যভাবে যদি আদেশ দেয় সেটাও প্রতিপালন করতে হবে। একটি আসন নিয়ে কোনো ধরনের আইনি জটিলতা দেখছি না।’
গেজেটের বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা গেজেট করে দিয়েছি। আদালত যখন যে আদেশ দেবেন সে অনুযায়ী করবো আমরা। রোববারও কোনো আদালতের কোনো আদেশ আসে নি, সোমবারও আসে নি। আইন অনুযায়ী আজকেই গেজেট করা উচিত সেটা আমরা দিয়েছি। তবে পরে যদি আদালত বলে এ গেজেট বাতিল করতে তা-ও করতে হবে। আমরা কোনো জটিলতা মনে করি না।’
জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর ৩ বছর অতিবাহিত না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই তড়িঘড়ি করে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করে সংস্থাটি। এরই মধ্যে প্রার্থীতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করে নির্বাচন কমিশনে চিঠি দেয়- যে আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাত গেজেট প্রকাশ করা না হয়।
নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসি’র
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৯:৫২ | আপডেট: ৪ মে ২০২৬ ২১:৩৪
৪ মে ২০২৬ ১৯:৫২ | আপডেট: ৪ মে ২০২৬ ২১:৩৪
সারাবাংলা/এনএল/এনজে