ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গৃহবধূর নাম নিলুফা বেগম (৫০)। তিনি পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে স্বামীও আহত হয়েছেন। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের লাইনের সড়কের পাশ দিয়ে ওই মহিলা দৌঁড়াচ্ছিল। কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন আজিজারের দোকানের সামনে এলে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়ে সে। এ সময় পেছন থেকে ছুটে আসা স্বামী আরব আলী তাকে উদ্ধারের জন্য চেষ্টা করতে ব্যর্থ হয়। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে হাত ও মাথার থেঁতলে গিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। ট্রেন অতিক্রম করলে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলুফা বেগমকে মৃত ঘোষণা করে। আহত স্বামী আরব আলী বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন, গৃহবধূ নিলুফা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাত-মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ও থেঁতলে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।