Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, এআরএ প্রধানের ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৯:৩২

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মোহাম্মদ কামাল প্রকাশ নুর কামাল ক্যাম্পের ওই ব্লকের হেড মাঝি ছিলেন। তিনি এআরএ (আরাকান রোহিঙ্গা আর্মি) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই।

বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ (ইস্ট) এর বি/৪১ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রোহিঙ্গাদের বরাতে মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে ওই এলাকায় এসে কামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় কামালকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান নিশ্চিত করেছেন, গুলির ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

তিনি অবগত করেন, কারা এই হামলার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর