Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১০:৩৭

মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন।

সিলেট: সিলেটে মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ছিনতাইয়ের শিকার হয়েছেন। শহরতলী দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেটকার ব্যারিকেড ও ভাঙচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সিলেট নগরে বেশকয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এর আগে, বুধবার (৬ মে) নগরের মিরের ময়দান এলাকায় র‌্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা। একইদিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশু সন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে বিএনপি নেতা নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারযোগে রওনা দেন তিনি। তাদের বহনকারী প্রাইভেট কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর