ঢাকা: ২০২৬ সালের হজ যাত্রীদের সুবিধার্থে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ‘সেহাতি’ (Sehhaty) অ্যাপের মাধ্যমে টিকার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।
মূলত হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং টিকাদান কার্যক্রমকে আরও আধুনিক ও সহজতর করতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘সেহাতি’ অ্যাপের মাধ্যমে টিকা বুকিংয়ের ক্ষেত্রে হজযাত্রীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
এর মধ্যে রয়েছে, আবেদনকারীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করা। নতুন অ্যাপয়েন্টমেন্ট বুক করা অথবা বিদ্যমান সময় থেকে সুবিধাজনক একটি নির্বাচন করা। সেইসঙ্গে নির্ধারিত প্রাপ্তবয়স্ক টিকাদান ক্লিনিক নির্বাচন করা। আর প্রয়োজনীয় তথ্য পূরণ করে চূড়ান্ত বুকিং নিশ্চিত করা।
মন্ত্রণালয় আরও জানায়, ‘সেহাতি’ অ্যাপটি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যার মাধ্যমে হজযাত্রীরা সহজে স্বাস্থ্যসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন। এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘হেলথ সেক্টর ট্রান্সফরমেশন প্রোগ্রাম’-এর লক্ষ্যমাত্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সব হজযাত্রীকে দ্রুত টিকা অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি অনুসরণ হজযাত্রীদের ব্যক্তিগত সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও নিরাপদ হজ অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ ধরনের আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বজুড়ে আসা লাখ লাখ মুসল্লির নিরাপত্তা রক্ষায় সৌদি আরব তাদের স্বাস্থ্য ও প্রযুক্তিগত ব্যবস্থাকে আরও উন্নত করে থাকে। ২০২৬ সালের হজের ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।