ঢাকা: দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ দশমিক ৪ শতাংশ বেশি।
মঙ্গলবার (১২ মে ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত ১১ মে একদিনেই দেশে এসেছে ১৬ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স। আর ১ থেকে ১১ মে ২০২৫ সময়ে এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৪৫ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের প্রথম সাড়ে ১০ মাসে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ সেবা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।