ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ফুলপুরের চনিয়া মোড়ের অবলিশ শীলের ছেলে সুজিত শীল।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। সেই সাথে ৩০ হাজার টাকার অর্থদন্ডও দেন আদালত।
আদালতের স্টোনোগ্রাফার হাফিজুর রহমান মামলা নথি থেকে জানান, ২০২১ সালের ৭ অক্টোবর ভোরে হালুয়াঘাটের কড়ইকান্দা গ্রামে পারিবারিক কলহের জেড়ে সুজিত শীল দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রী ইতি রানী ও শাশুড়ি জোসনা রানীকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই মারা যায় জোসনা। এ ঘটনায় নিহতর মেয়ে সন্ধ্যা রানী হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন।
আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ, জেরা, যুক্তি-তর্ক-শুনানি শেষে আদালত সুজিতকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আদালতে রাস্ট্র পক্ষের আইনজীবী আকরাম হোসেন ও আসামি পক্ষের হাসিব আহমেদ মাহবুবুল আলম মামলাটি পরিচালনা করেন।