Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে হাজিরা দেওয়া এখন অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৪:৫১ | আপডেট: ১৩ মে ২০২৬ ১৫:৪৮

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী – ছবি : সংগৃহীত

ঢাকা: দেশকে সশস্ত্র সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী-কে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী। এ সময় বিচারকের উদ্দেশে তিনি বলেন, ছয় মাস আগে আইনজীবীর মাধ্যমে আবেদন করা হয়েছিল, আজ আদেশ হলো। আদালতে আসতে আমার আপত্তি নেই, হাজিরা দেবো। এখন তো এটা অভ্যাসে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

জবাবে বিচারক বলেন, আদালত তার আবেদন মঞ্জুর করেছেন। তবে আদালতে উপস্থিত হওয়া তার ব্যক্তিগত বিষয়।

লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদন গ্রহণ করলেও লতিফ সিদ্দিকী নিজে আদালতে উপস্থিত থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন।

গত বছরের ১৬ নভেম্বর আবেদনটি করা হলেও সেদিন মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানি হয়নি। পরে বুধবার এ বিষয়ে আদেশ দেন আদালত।

আবেদনে উল্লেখ করা হয়, মামলাটি এখনও তদন্তাধীন। এছাড়া বয়সজনিত শারীরিক অসুস্থতা ও চিকিৎসাধীন থাকার কারণে নিয়মিত আদালতে উপস্থিত হওয়া তার জন্য কষ্টসাধ্য।

এর আগে গত ২৯ আগস্ট আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। পরে ৬ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান লতিফ সিদ্দিকী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের উদ্যোগে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে একদল ব্যক্তি স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অংশগ্রহণকারীদের কয়েকজনকে অবরুদ্ধ ও হেনস্তা করেন। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।

ঘটনার পর শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।