Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা করে বিদেশে টাকা পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৫:১৩

ঢাকা: অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনে প্রতারণা করে কোটি কোটি টাকা চীনে পাচার করার অভিযোগে ৬ চীনা নাগরিকসহ চক্রটির ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলো- এমএ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আব্দুল-কারিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।

ডিসি নাসিরুদ্দিন বলেন, রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডিবি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মনিটরিংকালে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপে এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ ও নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করে। এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় কাউসার, করিম ও রোকন এবং একইদিনে তুরাগ থানাধীন রুপায়ন হাউজিং এলাকা থেকে ৬ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারের সময় তাদের থেকে ৩টি ৬৪-পোর্ট বিশিষ্ট জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, ১টি ৮-পোর্ট বিশিষ্ট জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, ১টি ২৫৬-পোর্ট বিশিষ্ট জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট এবং এনআইডি ও ১টি টয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থ পাচারের চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে সেগুলো জিএসএম গেটওয়ে ডিভাইসে ব্যবহার করে একই সঙ্গে শতাধিক সিম সক্রিয় রাখত। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ, প্রতারণার টাকা এবং অবৈধ লেনদেন পরিচালনা করা হতো। চক্রটি নিজস্ব জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর