Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা দ্বিগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৩:৪৪

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি। এ সময় বাটজার ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টি লেভেল কার পার্কি সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট। কারণ, সেখানে ১২০০ এর মত গাড়ি পার্কিং করতে পারবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোন সমস্যা নয়। রিপিটর বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় জানিয়ে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। যত দ্রুত সম্ভব আমরা থার্ড টার্মিনালে অপারেশনাল কার্যক্রম শুরু করবো। বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, যাত্রী ধারণ ক্ষমতা বর্তমানে ১৩ মিলিয়ন রয়েছে। যখন থার্ড টার্মিনাল চালু হয়ে যাবে তখন ১৯ মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা হবে। এসময় অনেক বিমানকে আমরা জায়গা করে দিতে পারবো। আর তখন আমাদের রেভিনিউও বাড়বে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর