ঢাকা: শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সকালে তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনায় সংশ্লিষ্টতা ও প্রকৃত তথ্য গোপনের অভিযোগ উপস্থাপন করা হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযোগ আনা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার শাপলা চত্বরে নিহত হয়েছেন ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন। নিহতদের পরিচয় শনাক্তের কাজও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ঢাকায় দিনে ও রাতে পৃথকভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও সহিংসতার ঘটনা ঘটে। তদন্ত সংস্থা জানিয়েছে, মামলার প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।