Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়ে ছাই নেছারাবাদের মিয়ারহাট বন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৫:০২

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে মিয়ারহাট মাছ বাজারের পাশের সার ও কীটনাশক ব্যবসায়ীদের গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেছারাবাদ স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাতেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। অনেকেরই জীবিকার একমাত্র অবলম্বন ছিল এসব দোকান। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহযোগিতা কামনা করেছেন।

সারাবাংলা/এনজে