ঢাকা: বর্তমান সরকার টাকা ছাপাচ্ছে বলে যে প্রচারণা চলছে- তাকে ‘গালগল্প’ হিসেবে দাবি করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, এর সঙ্গে বাস্তবতার মিল নেই।
শনিবার (১৬ মে) আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে এক প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে ড. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিনিয়োগ ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বন্ধ কলকারখানা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত সময়ে ঘরে, ব্যবসায় ও সরকারে আয়ের টান পড়েছিল। সেই টান এতটাই ব্যাপক ছিল যে নিম্ন-মধ্যবিত্ত অনেকেই দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, যা খুবই মর্মান্তিক। এর ফলে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তসহ সমাজে ভাঙন ধরেছে। সে সময় ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে পুঁজি পায়নি।
তিনি বলেন, পতিত সরকার প্রতি মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করতো। বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েকটি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার এরকম কোনো সিন্ডিকেটের কাছে কোনো খাতকেই ইজারা দিতে চায় না, বরং অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে চায়। বিগত সরকার অবকাঠামোগত উন্নয়নের নামে বিপুল অর্থ ঋণ করে লুটপাট করেছে। অতীতে ধমকা-ধমকির মাধ্যমে তথ্য জালিয়াতি করে উন্নয়ন দেখানো হয়েছে। বর্তমান সরকার পরিসংখ্যান ব্যুরোর সব তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে।