ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর সাবেক ভিসি হাসিবুর রশীদ-কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টা তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চে তাকে উপস্থাপন করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আবেদন করবে প্রসিকিউশন।
গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল-২ মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়। মামলার প্রধান আসামি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।