Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় মাসে ৩৬৪ কোটি টাকা বিদেশে পাচার, গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৭:০৫ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:০৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে গত ৬ মাসের প্রতিদিন প্রায় ২ কোটি টাকা বিদেশে পাচার করার ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

রোববার (১৭ মে) বিকেলে সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, চক্রটি প্রতিদিন এক কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা আয় করে বিদেশে পাচার করত। গত ৬ মাস ধরে তারা অনলাইনের মাধ্যমে প্রতারনা করে এসব টাকা সংগ্রহ করে। আমরা গত ১৬ মে প্রথমে নরসিংদী থেকে চারজনকে এবং পরে আজ ঢাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করি।

বিজ্ঞাপন

সিআইডি প্রধান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। এসব সাইটে জুয়াড়িরা মোবাইল ব্যাংকিং সেবা- বিকাশ, রকেট ও নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করতো। পরে অবৈধভাবে অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলোভিত করে তারা গত প্রায় ৬ মাস ধরে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করতো এবং এর একটি বড় অংশ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে আসছিল। গ্রেফতারকৃতরা অনলাইন গ্যাম্বলিং ও ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় দেখতে পায়, কিছু চক্র বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট বাংলাদেশে অবৈধভাবে পরিচালনা করছে। এসব সাইটে জুয়াড়িরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ), ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে টাকা লেনদেন করছিল। এই প্রেক্ষিতে পল্টন মডেল থানায় গত ১৬ মে মামলা করা হয়।

অনলাইন জুয়া ও পর্ণ সাইট বন্ধ হলে আবার বিকল্প ব্যবস্থায় সাইটগুলো চলে আসে- এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রতিনিয়ত এ নিয়ে কাজ করছি। আমরা বন্ধ করার পর দেখা যাচ্ছে বিদেশ থেকে কিছু সাইট আবার খোলা হচ্ছে।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি মাসে এখন পর্যন্ত জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে ডাউন করার জন্য বিটিআরসিতে প্রেরিত ওয়েবসাইটের সংখ্যা ১১৬টি। অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইইউতে প্রেরিত এমএফএস হিসাবের সংখ্যা ৮৭৯টি। আর অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইইউতে প্রেরিত ব্যাংক হিসাবের সংখ্যা ৪৩টি। পাচার হওয়া অর্থ উদ্ধারে সিআইডি বিএফআইইউ ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো – মো. আশরাফ উদ্দীন আহম্মেদ (৩২), সজীব চক্রবর্তী (২৯), মো. আশরাফুল ইসলাম (৪০), মো. জসীম উদ্দীন (৩৬), তৈয়ব খান (২৬), সৌমিক সাহা (২৮), মো. কামরুজ্জামান (৩৬), আব্দুর রহমান (৪৭)। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল, ২০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২টি নির্দিষ্ট কাস্টমার কপিসহ দেশের বিভিন্ন প্রান্তে ভুয়া এজেন্ট সিম পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ কুরিয়ার রশিদও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর