Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশে চাকরির নামে প্রতারণা, টাকা নিতে এসে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ২০:৩৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি রাজারবাগ পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাফায়েত হোসেন শেখ (৫৫) এবং গোপালগঞ্জ এর এনামুল হক আকবর (৬৩)। এদের মধ্যে শাফায়েত হোসেন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হিসেবে পরিচয় দেন।

সিআইডি’র ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমি চাকরিপ্রার্থীর মামা সেজে সেখানে যাই। গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করি। পরে একজনের সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করি, টাকা কাকে দিতে হবে। সে জানায়, তারা আরও চার-পাঁচজনকে চাকরি দিয়েছে। আজ টাকা দিয়ে মেডিকেল চেকআপ করলে সন্ধ্যার দিকে নিয়োগপত্র দেওয়া হবে। এরপর আমরা তাদের গ্রেফতার করি।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারকৃতরা বাংলাদেশ পুলিশের চলমান নিয়োগ কার্যক্রমে বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের তথ্য সংগ্রহ করত। পরবর্তীতে তারা ওই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের প্রভাবশালী ব্যক্তি বা উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করত এবং পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার শতভাগ নিশ্চয়তার মিথ্যা আশ্বাস দিত। চাকরি নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে তারা প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করত। চাকরিপ্রার্থীদের আস্থা অর্জনের জন্য চক্রটি বিশেষ কৌশল অবলম্বন করত। তারা অগ্রিম অর্থ গ্রহণের পূর্বে নিজেদের ব্যাংক চেক জামানতের নিরাপত্তা হিসেবে প্রদান করত, যাতে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি সহজে বুঝতে না পারে। এরই ধারাবাহিকতায় এক চাকরিপ্রার্থীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা গ্রহণের উদ্দেশ্যে তারা যোগাযোগ করে এবং চাকরি নিশ্চিত করার আশ্বাস দেয়। প্রার্থীর বিশ্বাস অর্জনের জন্য অভিযুক্ত শাফায়েত হোসেন নিজের স্বাক্ষর করা ডাচ্-বাংলা ব্যাংকের ৫ লাখ টাকার একটি চেক তার নিকট প্রদান করেন। একইসঙ্গে চাকরির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা বলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, প্রতারক চক্রটি চাকরিপ্রার্থীকে নিয়ে তথাকথিত মেডিকেল পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে এলে সিআইডি সদস্যরা তাদের হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫ হাজার টাকা এবং চাকরিপ্রার্থীকে দেওয়া ডাচ্-বাংলা ব্যাংকের ৫ লাখ টাকার স্বাক্ষরিত চেকটি জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে দেখা যায় গ্রেফতারকৃত মো. শাফায়েত হোসেন শেখ এর বিরুদ্ধে চেক জালিয়াতি, প্রতারণা এবং খুনের ঘটনায় মোট ৩টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত শাফায়েতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট দাবির বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না এবং আরও কোনো ভুক্তভোগী রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর