ঢাকা: সিইসির প্রতিশ্রুতি রক্ষা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সোমবার (১৮ মে) আগারগাঁয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন করেন, দেশের ইতিহাসে ১৯৯১ সালের পূর্ববর্তী নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে, বিশেষ করে ১৯৭৩ ও ১৯৭৯ সালের নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক আছে। সেই তুলনায় ত্রয়োদশ নির্বাচনটি একটি বিশেষ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার দেওয়া কথা কতটা রাখতে পেরেছেন, তা নিয়ে জনগণের মনে স্পষ্ট দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।
আযাদ আরও বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া কেবল নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয় এবং সব কমিশনই সাধারণত এই অজুহাত দিয়ে থাকে। এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা না হওয়াকে তিনি একটি গুণগত পরিবর্তন হিসেবে দেখলেও পুরো প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, নির্বাচনটি দেখতে ওপর দিয়ে ঠিকঠাক মনে হলেও ভেতরে ছিল চরম বিশৃঙ্খলা। ফলে এটিকে কোনোভাবেই মোটাদাগে একটি সুষ্ঠু নির্বাচন বলা যায় না।
সংসদ কর্তৃক ইসিকে অন্যায়কারী হিসেবে আখ্যায়িত করার বিষয়টি টেনে জামায়াতের এই নেতা বলেন, এই গুরুতর অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তারা আসলেই কোনো বেআইনি নির্বাচন পরিচালনা করেছেন কি না, সেই সত্যটি জনগণের সামনে উন্মোচন করা উচিত।
নির্বাচনে সিইসি’র ভূমিকা নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারির সংশয়
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৮:৩৯
১৮ মে ২০২৬ ১৮:৩৯