ঢাকা: ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ মে) থেকে এ সব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পর্যায়ক্রমে নোটগুলো সরবরাহ করা হবে।
সোমবার(১৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই থাকবে। একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকার নোটও পর্যায়ক্রমে তার সইয়ে ইস্যু করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন সইযুক্ত নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো বৈধ ও চালু থাকবে।