ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় নকল প্রসাধনী পণ্য তৈরির দায়ে ২ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী পণ্য জব্দ ও ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চকবাজার থানাধীন দেবিদাসঘাট এলাকার একটি আবাসিক ভবন থেকে নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় ব্যবসায়ী মোবারক হেসেন মিন্টুকে (৪৮) দুই লাখ টাকা ও বাদশাকে (২৫) একলাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী পন্য জব্দ পূর্বক ধ্বংস করা হয়।
পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ জোবায়ের আজ বৃহস্পতিবার চকবাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।