Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনজীরের ‘ক্যাশিয়ার’ পরিচয়ে আলোচিত রিফাতকে ট্রাইব্যুনালে হাজির

স্টাফ করেসপন্ডেট
২৪ মে ২০২৬ ১২:০৭

ঢাকা: গুমসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৪ মে) সকালে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৯ মে রিফাত নিলয় জোয়ার্দারের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। পরে আবেদন মঞ্জুর করে তাকে হাজিরের জন্য ২৪ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

রিফাত নিলয় ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক। বর্তমানে ধানমন্ডি থানার আরেকটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের ভাষ্য, রিফাত নিলয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও সহায়তায় গুমের শিকার মো. মশিউর রহমানসহ একাধিক ব্যক্তিকে ডিজিএফআই নিয়ন্ত্রিত বিভিন্ন গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল। সেখানে ভুক্তভোগীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিত গুম ও হত্যার অভিযোগেও তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের নিয়ন্ত্রণে থাকা ঢাকার একাধিক ফ্ল্যাট দেখভালের দায়িত্বে ছিলেন রিফাত নিলয়। এসব ফ্ল্যাটের ভাড়া সংগ্রহ করে নিয়মিত বেনজীরের কাছে পৌঁছে দিতেন তিনি। এ কারণে বেনজীরের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি ছিল বলে অভিযোগ রয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর