Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানির হাটে ছিনতাই এড়াতে ক্যাশলেস-কার্ডে লেনদেন করুন: র‍্যাব মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৩:৩৬

ঢাকা: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের নিরাপত্তা চৌকির সংখ্যা ও টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।

রোববার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

র‌্যাব মহাপরিচালক বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এছাড়াও জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নিরাপদে গবাদি পশু হাটগুলোতে নিয়ে যাওয়া নিশ্চিত করতে র‌্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা সমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

আহসান হাবীব পলাশ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুবাহী যানবাহন যেন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, র‌্যাব ফোর্সেস আশা করছে, পূর্বের বছরগুলোর ন্যায় এ বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে দেশের মানুষ ঈদের আনন্দে শামিল হবে। এ উপলক্ষ্যে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর