Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‍্যাবের সঙ্গে এসআরবি’র কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা: র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠন করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন বাহিনীর সাথে র‌্যাবের সরাসরি কোনো সংস্পর্শ নেই।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ও ২৪-এর গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে র‌্যাব বিলুপ্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিলটি পাস না করে ঝুলিয়ে রাখলে পুরোনো র‌্যাবের অস্তিত্বই থেকে যাবে, যা কারও কাম্য নয়। বিলটি প্রস্তুতের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নাগরিকদের পরামর্শের জন্য দীর্ঘদিন উন্মুক্ত রাখা হয়েছিল এবং স্থায়ী কমিটিতে বিশদ আলোচনার মাধ্যমেই বিলটি তৈরি হয়েছে।

নতুন বাহিনীর বিরুদ্ধে ওঠা নানা আশঙ্কার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসআরবি সদস্যদের কোনো শৃঙ্খলাভঙ্গ বা অপকর্মের বিচার প্রচলিত আইন ও অভ্যন্তরীণ সার্ভিস রুলস অনুযায়ী কঠোরভাবে সম্পন্ন হবে। গ্রেফতার ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামত অনতিবিলম্বে সিআরপিসি অনুযায়ী নিকটস্থ থানায় হস্তান্তরের সুনির্দিষ্ট বাধ্যবাধকতা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাব বিলুপ্ত হলেও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এর আগের সরঞ্জাম, অবকাঠামো ও লজিস্টিকস নতুন সংস্থায় স্থানান্তর করা হবে। ২০০৪ সালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের অধীনে অ্যাডহক ভিত্তিতে তৈরি হওয়া র‌্যাবকে সম্পূর্ণ রহিত করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান যুগে সাইবার অপরাধ দমনে সাইবার সিকিউরিটি আইন সংশোধন এবং পুলিশ বাহিনীর অধীনে একটি পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর