ঢাকা: বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস্তবায়নাধীন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সোমবার (২৫ মে) দুপুরে ঢাকায় সফররত সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি’র প্রেসিডেন্টের দীর্ঘ সময় ধরে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশ ও এডিবির মধ্যকার বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। এরই মধ্যে বাজেট সহায়তাসহ বিভিন্ন প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাত, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রায় ২ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।
প্রকল্পের বিস্তারিত তুলে ধরে আমির খসরু জানান, উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি সমন্বিত বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে গ্রোথ সেন্টার তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন এবং ডিজিটাল উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে এই প্রকল্পে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এবং সমপরিমাণ অর্থায়ন বাইরের উৎস থেকে আসতে পারে।
এছাড়া দেশের পুঁজিবাজারে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান অর্থমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি এবং জলবায়ু সহনশীলতা খাতেও সংস্থাটির সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।