চট্টগ্রাম: জেলার মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। প্রতারণা কিংবা অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৫ মে) নগরীর বিবিরহাট ও মইজ্জারটেক পশুর হাট সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

– ছবি : সংগৃহীত
সিএমপি কমিশনার বলেন, দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পশুর হাটকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্র ও চাঁদাবাজদের দমনে পুলিশ কাজ করছে। অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাটসংশ্লিষ্ট যেকোনো প্রয়োজনে সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও অর্থ ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো.ফেরদৌস আলী চৌধুরী,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো.আমিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।