Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত সময়ের তুলনায় এবার দুর্ঘটনা অনেক কম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৩:৫৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিগত সময়ের তুলনায় এবার দুর্ঘটনা অনেক কম বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ২/১ টা দুর্ঘটনা যে হয়েছে, সেগুলো নেহায়েত তাদের নিজস্ব গাফিলতির কারণে বলা যায়। যেমন গতকাল (২৫ মে) একটা দুর্ঘটনা হয়েছে লোহার রড বহনকারী একটা ট্রাকে নওগাঁর কিছু লোক হয়তো তারা ভাড়া সেভ করার জন্য রডের ওপরে উঠে যাত্রা করেছিল। সেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। অন দ্য স্পটে অনেকের মৃত্যু হয়েছে। মনে হয় ১৫ জন (মারা গেছে) আর ৫/৬ জন আহত হয়েছে। এটা দুঃখজনক ঘটনা। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকেন তাহলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পুলিশের আইজি আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে পশুরহাটে যাতে জালনোট ব্যবহার না হয় সেজন্য সতর্ক আছি। জালনোট সনাক্তকারী অনেকগুলো মেশিন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ব্যাংকের তরফ থেকেও দেওয়া হয়েছে, সেগুলো বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা করেছে।

তিনি বলেন, শৃঙ্খলা রক্ষার জন্য অনুমোদিত হাটের বাইরে যাতে কোনো হাট না বসতে পারে সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। গতকাল একটা নজরে আসার সাথে সাথে সেটা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। সেটা সম্ভবত মিরপুরে মেট্রোরেলের লাইনের নীচে। আপনারাও কোথাও অনিয়ম দেখলে আমাদের নজরে আনবেন। তাহলে আমরা সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, ঈদ পরবর্তী সময়ে ২৪ ঘণ্টার মধ্যে যাতে বর্জ্য সরানো যায় সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সিটি করপোরেশনগুলো, জেলা প্রশাসন, পৌরসভা এবং অন্যান্য সবাই ব্যবস্থা নিয়েছে। সেনিটারি ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যেহেতু কোরবানী ঈদের বিধান থাকে দ্বিতীয়, তৃতীয় দিনেও সেজন্য তারা নজর রাখবে।

আশা করি নিরাপদ ঈদ যাত্রা, নিরাপদভাবে ঈদের জামাত এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসার ব্যবস্থাগুলো করতে পারবো।

মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পশুর হাটগুলো নিরাপত্তার আওতায় রয়েছে। যেসব জায়গায় এক্সপ্রেসওয়ে আছে, যমুনা ব্রিজ থেকে শুরু করে সব জায়গায় আমরা বিশেষ যত্ন নিয়েছি। সারাদেশে যেসব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সেখানে পুলিশ ডিপার্টমেন্টকে বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর