Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১২:৪০

ঢাকা: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। এরপর তিনি শেরে বাংলা নগরে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। তিনি ঢাকার গুলশানের বাসায় ঈদ উদযাপন করবেন। তবে এই ঈদে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে।

দলের মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন করবেন। সেখানে নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিজ্ঞাপন

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম; বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ; জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভোলা নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। স্থায়ী কমিটির অপর সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়াতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সেখানে ঈদ পালন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন তিনি সেখানে ঈদের নামাজ আদায় করবেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ঈদের দিন সকাল সাড়ে সাতটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ আদায় করবেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন বলে তিনি জানিয়েছেন।

এছাড়াও অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে বলেও দলীয় সূত্রে জানা যায়।

সারাবাংলা/এমএমএইচ/এসআর