Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুশইন ও চামড়া পাচার রোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

বেনাপোল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১১:১৬ | আপডেট: ২৮ মে ২০২৬ ১১:৫৮

– ছবি : সংগৃহীত

বেনাপোল: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর ৪৯ ও খুলনার ২১ বিজিবি’র আওতাধীন শার্শা উপজেলার বেনাপোলসহ সব সীমান্ত দিয়ে চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধসহ ঈদ পরবর্তী যেকোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ মে) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়কদ্বয় বলেন, প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পশু কোরবানি করা হয়ে থাকে। কুরবানি পরবর্তী সময়ে সে সমস্ত পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য এবারও সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আমাদের বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

– ছবি : সংগৃহীত

এছাড়াও সীমান্তে সব ধরনের অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিএসএফের সঙ্গে দফায় দফায় সীমান্ত সম্মেলন করছি। মাদক ও চোরাচালান বন্ধে আমরা সতর্কতামূলক অবস্থায় রয়েছি। সীমান্তের সব ধরনের অপরাধ দমনে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ২১ ও ৪৯ বিজিবির অধিনায়কেরা।

প্রসঙ্গত, ঈদকে ঘিরে ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে শার্শা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তের কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, বেনাপোলের পুটখালি, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালি সীমান্তকে চামড়া পাচারের পথ হিসেবে চিহ্নিত করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

চামড়া ব্যবসায়ীদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে চিহ্নিত এসব এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল খান।