Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুসলিম বিশ্বের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

সারাবাংলা ডেস্ক
২৮ মে ২০২৬ ১৩:২৯

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম – ছবি : সংগৃহীত

ভোলা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পরাশক্তিগুলোর নির্যাতনের শিকার। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়, যা সমাজে সাম্য ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো অর্থনৈতিক কষ্টে রয়েছে। সমাজের সচ্ছল ও অসচ্ছল মানুষ পরস্পরের সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারুক, সেজন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন। নিজ নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে জন্মস্থানের মানুষের কাছে ফিরে আসা তার জন্য অত্যন্ত আনন্দের।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে স্বাধীনতার সেই স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে।

স্পিকার আরও বলেন, বর্তমানে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ নেই এবং তারা বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি বা নিপীড়নের শিকার হতে হবে না। এটিই গণতন্ত্রের অন্যতম সুফল।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী ভিত্তি লাভ করবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না। ঈদের এই অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।