Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার ঈদে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কমেছে— দাবি অর্থমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৫:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: এবার ঈদুল আজহা উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি বরং কমেছে- বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রামের কাট্টলি দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি আমরা। বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে। খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না।

সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, মানুষকে অর্থনীতির সুফল পেতে হবে। দ্রব্যমূল্য যদি তাদের আওতার বাইরে চলে যায়, সেখান থেকে তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তারপরে দেশের যে অর্থনীতি আমরা বিগত সরকারগুলো থেকে পেয়েছি। একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে যাব। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে আবেদন করছি। একটু সময় দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনা, তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া সমৃদ্ধির পথে–একটু সময়ের প্রয়োজন। দেশের মানুষের কাছে আমাদের একটি আকুতি, একটি আবেদন, এই সময়টুকু আমাদের একটু দেন। “আমরা নির্বাচিত সরকার আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের কল্যাণে একটা সরকার এটা। একটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি। দোয়া করবেন, সবাই মিলে আশা করি সেটা আমরা করতে পারব।

সারাবাংলা/এসএন/এসআর