Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডোনাল্ড ট্রাম্প’-এর কারণে এবার বরখাস্ত হলেন চিড়িয়াখানার কিউরেটর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৫:২০ | আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:৩১

আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষটি।

ঢাকা: জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল করায় মিরপুর জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রোববার ( ৩১ মে) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনিবার (৩০ মে) জারি প্রজ্ঞাপনে করা মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র জানিয়েছে, জাতীয় চিড়িয়াখানায় প্রদর্শনের জন্য তৈরি করা তথ্যফলকে ‘ডোনাল্ড ট্রাম্পে’র পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়েছিল। দর্শনার্থীদের নজরে আসার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভুল বানান নিয়ে শুরু হয় সমালোচনা, ট্রল ও হাস্যরস। পরে বিষয়টি সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ালে প্রশাসনিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। এর পরিপ্রেক্ষিতেই কিউরেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্যদিকে, শনিবার (৩০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-৪ শাখা থেকে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (সমমান) পদে বদলি করে ঢাকাস্থ লাইভস্টক, ভেটেরিনারি অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট (এলভিডিডি) রিভাইভড প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। একই প্রজ্ঞাপনে এলভিডিডি রিভাইভড প্রকল্পে কর্মরত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সমমান) ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর