ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জ্বালানির দাম আবারও বাড়ানোর নিন্দা জানাচ্ছি এবং বিশ্ববাজার না বরং দেশের মানুষের সামর্থ চিন্তা করে জ্বালানির দাম সমন্বয় করার আহ্বান করছি।
৩১ জুন রাত বারোটা থেকে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানোর প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র সোমবার ( ১ জুন) এক বিবৃতিতে একথা বলেন।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, জ্বালানির দাম ওঠা-নামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম কেবলই বাড়ে এবং এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও কেবলই বৃদ্ধি পায়। কখনোই জ্বালানির দাম কমতে দেখা যায় না এবং জ্বালানির দাম বৃদ্ধিজনিত কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যকেও কখনো কমতে দেখা যায় না। জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সাথে সমন্বয়ের কথা বলে জনতাকে কেবলই উর্ধমূখি চাপে ফেলা হয়। সরকারের এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করতেই হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। নতুন সরকার আসার পরে মানুষ আশায় বুক বেঁধেছিলো। সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে। বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনতার ওপরে চাপিয়ে দেয় তাহলে সরকারের অপরিহার্যতা সম্পর্কিত ধারণা দুর্বল হয়। তাই সরকারকে আবারো বলবো, মানুষের আর্থিক বোঝা লাঘব করুন।