Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১২:৪০ | আপডেট: ১ জুন ২০২৬ ১৩:০৯

ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মঙ্গলবার (২ জুন) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, গত ১৯ মে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনার মাত্র ছয় দিনের মাথায় ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতসহ ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালতে শুনানির সময় প্রধান আসামি সোহেল রানা সাংবাদিকদের বলেন, তিনি একা দোষী নন। তিনি বলেন, তার স্ত্রীর দোষ নেই। তিনি দাবি করেন, সব দোষ ডলার নামের এক ব্যক্তির। তিনি বলেন, তিনি শুধু ধর্ষণ করেছেন, আর রামিসাকে হত্যা করেছে ডলার। তিনি আরও বলেন, ডলার তাকে দুই লাখ টাকা দিয়েছিল। সোহেল রানা তার ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।

রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, মামলাটি যেন দ্রুত শেষ হয় সেই দায়িত্ব তিনি পালন করবেন। এছাড়া লিগ্যাল এইডের আইনজীবী রায়হানা নাজনীন জুই বলেন, নিম্ন আদালতে রায় দ্রুত হওয়ার সম্ভাবনা থাকলেও এটি কার্যকর করার প্রক্রিয়াটি উচ্চ আদালতে দীর্ঘায়িত হতে পারে। মামলার প্রাথমিক তদন্ত ও অভিযোগপত্র দাখিলের মতো প্রধান ধাপগুলো শেষ হওয়ার মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর