ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী জুলাই থেকে অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তুতির অংশ হিসেবে পুরোনো হার্ডকপির রিটার্ন অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সময়সীমা বাড়িয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান এখনো পূর্বে দাখিল করা মাসিক ভ্যাট রিটার্ন অনলাইনে সংযুক্ত করেন নি, তারা আগামী ৩০ জুন পর্যন্ত তা সম্পন্ন করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য অন্তর্ভুক্ত না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মে মাস থেকে সমাপনী স্থিতি স্থগিত করা হবে।
রোববার (৭ জুন)এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৫ জানুয়ারি জারি করা এক পরিপত্রে ৩১ মার্চের মধ্যে সব হার্ডকপি রিটার্ন অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ উদ্দেশ্যে ‘হার্ডকপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন উপ-মডিউলও চালু করা হয়। তবে এখনও উল্লেখযোগ্য সংখ্যক রিটার্ন অনলাইনে অন্তর্ভুক্ত না হওয়ায় করদাতাদের সুবিধার্থে সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পুরোনো রিটার্ন অনলাইনে অন্তর্ভুক্ত না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমাপনী স্থিতির বিপরীতে কোনো সমন্বয় করা যাবে না। পাশাপাশি ভ্যাট ফেরত (রিফান্ড) দাবির আবেদন বিবেচনার ক্ষেত্রে শতভাগ রিটার্ন অনলাইনে থাকা বাধ্যতামূলক হওয়ায় পূর্বের সব রিটার্ন অন্তর্ভুক্ত না থাকলে কোনো প্রতিষ্ঠান ফেরত দাবির আবেদনও করতে পারবে না।
রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চলমান ডিজিটাল কার্যক্রমে করদাতাদের সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।