Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

স্টাফ করেসপন্ডেট
১০ জুন ২০২৬ ১১:৪৮

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হবে।

বুধবার (১০ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রথমে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মামলার ১২ আসামির সবাই বর্তমানে পলাতক। শামীম ওসমান ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ মে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন। একইসঙ্গে ১০ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষাঢ়া, সাইনবোর্ড ও আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাকশ্রমিক রাসেল এবং ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়। এছাড়া ২১ জুলাই ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগে ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসান হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ট্রাইব্যুনাল প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলছে। তবে তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর