Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রকে স্বাগতিক বেছে নেওয়ায় ‘অনুশোচনা নেই’ ইনফান্তিনোর


১১ জুন ২০২৬ ০৯:৩৭

মাঠের বাইরের নানা বিতর্ককে সঙ্গী করে পর্দা উঠতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে যেখানে, সেই যুক্তরাষ্ট্র সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্পের অনেক সিদ্ধান্ত নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে দেশটিকে মূল আয়োজক হিসেবে বেছে নেওয়ায় কোনো আক্ষেপ নেই বলেই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিশ্বকাপ শুরুর আগের দিন মেক্সিকো সিটিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইনফান্তিনো। বিশ্বকাপের  মূল আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া নিয়ে তার কোনো অনুশোচনা আছে কি না, এমন প্রশ্নই করা হয় তাকে।

বিজ্ঞাপন

ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে আয়োজক করতে কোন দ্বিধা কাজ করেনি তার, ‘না, আমার কোনো অনুশোচনা নেই। গত ৩০ বছর ধরে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে আসছি। আমি সমস্যা সামলাতে অভ্যস্ত। সমস্যা তো থাকবেই। এত বড় একটি ইভেন্টে এটাই স্বাভাবিক।’

বিশ্বকাপে কোন সমস্যা হবে না বলেই আশাবাদী ফিফা প্রেসিডেন্ট, ‘আমি সবসময় আশা করব, যেন কোনো সমস্যা না হয়, কিন্তু এটাই তো আমাদের সামলাতে হয়। কিছু যুক্তরাষ্ট্র থেকে আসে, কিছু কানাডা থেকে, কিছু মেক্সিকো থেকে। আমরা এইসব কিছু নিয়েই কাজ করি এবং সবক্ষেত্রে আমাদের একইরকম ইতিবাচক মনোভাব থাকে। আশা করি, আমরা সব সমস্যার সমাধান করতে পারব। হয়তো সব পারব না, কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার সংস্থার প্রচেষ্টার প্রমাণ হিসেবে টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন ফিফা সভাপতি, ‘মানুষ বলছিল, ইরান বিশ্বকাপে আসতে পারবে না। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, তারা আসবে।’

ইনফান্তিনোর মতে, বিশ্বব্যাপী সংঘাত ও অনিশ্চয়তার এই সময়ে বিশ্বকাপ হতে পারে একটি আনন্দদায়ক উপলক্ষ, ‘যখন ইরান খেলবে, স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে এবং আশা করি, একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে, কারণ এটাই ফুটবল। আমরা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই।’

আজ রাত ১টায় মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর