জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের ঘটনায় এক বৃদ্ধের ২৪ ঘণ্টা নো ম্যান‘স ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) সারাদিন বিএসএফ ও বিজিবি ওই বৃদ্ধকে দুইদিকে পুশ করে, এতে নো ম্যান’স ল্যান্ডে দীর্ঘসময় অবস্থান করতে হয় ওই বৃদ্ধকে।
তুমুল আলোচনায় আসা বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মন (৫৮) বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্য রেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের নো ম্যান‘স ল্যান্ডে অবস্থান করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে, কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সীমান্ত জুড়ে ব্যাপক ভীতিকর পরিবেশ জন্ম নেয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন ওই বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন জানিয়ে বলেন, ‘বৃদ্ধকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে এরইমধ্যে রওনা দিয়েছে। তার স্বজনরা আসলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’