বাগেরহাট: পূর্ব সুন্দরবনে অপহরণের ৩ দিন পরে বনদস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছেন বনবিভাগের বেতার চালক ফরিদুলসহ ৩ জন। শুক্রবার (১২ জুন) তারা ফিরে আসেন। এর আগে মঙ্গলবার (৯ জুন) বিকেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের কালামিয়া এলাকা থেকে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতার চালক ফরিদুলসহ দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতারচালক মো. ফরিদুল ইসলাম জামালপুরের বাড়িতে ছুটি কাটিয়ে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাথরঘাটার পদ্মা স্লুইস থেকে দুবলা অফিসে যাওয়ার জন্য তোফাজ্জেল সরদারের ট্রলার যোগে রওনা হন। ওই ট্রলারে মাঝি তোফাজ্জেলের সহকারী মো. আলকাস ছিলেন।
ট্রলারটি সেদিন দিন বিকেল ৫টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কালামিয়া এলাকা অতিক্রমের সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ট্রলারটিতে হামলা করে বেতার চালক ফরিদুল,ট্রলার চালক তোফাজ্জেল ও তোফাজ্জলের সহকারী মো. আলকাস কে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে।
এ ঘটনায় শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বৃহস্পতিবার বিকেলে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে সর্বশেষ শুক্রবার (১২ জুন) ভোর রাতে বনদস্যুরা বনকর্মী ফরিদুলসহ তিনজনকে ছেড়ে দেয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, তিন দিন নিখোঁজ থাকার পরে শুক্রবার সকালে দুবলা অফিসের বেতার চালক দুবলায় ফিরে এসেছেন। দস্যুরা শুক্রবার ভোর রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকায় চোখ বেঁধে বেতার চালকসহ তিনজনকে ছেড়ে দিয়ে যায়। নিখোঁজ বনকর্মীর সন্ধানে তিনদিন ধরে সুন্দরবনে ড্রোন উড়িয়ে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালানো হয়। দুবলা যাওয়ার পথে ৯ জুন বিকেলে সুন্দরবনের কালামিয়া এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী বেতারচালক ফরিদুলসহ ট্রলারমাঝি ও তার সহকারীকে অপহরণ করে আটকে রেখেছিলো। বনকর্মী পরিচয় পেয়ে দস্যুরা কোন মুক্তিপণ দাবি করেনি বলে ডিএফও জানান।