সি গ্রুপে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, আছে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোও। তবে এই মুহূর্তে এই দুই দলের কেউ নেই শীর্ষে। সবাইকে চমকে দিয়ে দুই ফেবারিটকে টপকে শীর্ষে বসল ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ড। জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে হারিয়ে দীর্ঘদিন পর বিশ্বকাপে ফেরাটা রাঙাল স্কটিশরা।
শেষবার ১৯৯০ সালে বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছিল স্কটল্যান্ড। এরপর পেরিয়ে গেছে ৩৬ বছর। দীর্ঘ এই সময় পর আবারও জয়ের স্বাদ পেল তারা।
যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হয়েছিল হাইতি ও স্কটল্যান্ড। ম্যাচের শুরু থেকে হাইতিকে চাপে রাখে স্কটিশরা। ১৮ মিনিটেই লিড নিতে পারত স্কটল্যান্ড। ম্যাকটমির শট পোস্টে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়া হয়নি তাদের।
ডেডলক ভাঙে সেই স্কটল্যান্ডই। ২৮তম মিনিটে বেন ডকের অ্যাসিস্টে গোল করেন জন ম্যাকগিন। ২৮ বছর পর বিশ্বকাপে গোলের স্বাদ পায় স্কটিশরা।
বিরতির পরেও হাইতির ওপর চাপ বজায় রেখেছে স্কটিশরা। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত স্কটল্যান্ড। ম্যাকগিন নষ্ট করেছেন দারুণ এক সুযোগ।
ম্যাচের শেষ ১৫ মিনিটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল হাইতি। গোলের কিছু সুযোগও এসেছিল। পিয়েরোটের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচে ফেরা হয়নি হাইতির।
শেষ পর্যন্ত ম্যাকগিনের ওই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তারাই আছে গ্রুপ সি’র শীর্ষে।