ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেফতারের খবরে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতারের খবর নিশ্চিত হওয়ার পর এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (১৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ন্যায়বিচারের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে লিখেছেন, বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজীর দুবাইতে গ্রেফতার হয়েছেন। এটি ভিকটিম পরিবার এবং পুরো বাংলাদেশের জন্য একটি বড় খবর। তিনি আরও বলেন, এখন অপেক্ষা কেবল ন্যায়বিচার পাওয়ার। ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তি পাওয়ার এটি প্রথম ধাপ। তিনি কেবল জুলাই গণহত্যার নয়, বরং গত ষোলো বছরের সব অপকর্মের বিচার চেয়েছেন।
ফারুকী আরও বলেন, বিনোদন জগতের অনেক ঘটনার নিখোঁজ রহস্য বা মিসিং লিংক পাওয়া যাবে বেনজীরের কাছ থেকে। যারা ক্রাইম থ্রিলার নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।
উল্লেখ্য, পুলিশ সদর দফতরের একটি সূত্র নিশ্চিত করেছে যে, গত ১২ জুন ইন্টারপোল বিষয়টি বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করার পর তাকে গ্রেফতার করা হয়েছে।