Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: সই হতে পারে সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ০৮:৫২

প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। এই সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান প্রথম বিদেশ সফরের উদ্দেশে আগামী রোববার (২১ জুন) বিকালে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। পরদিন সোমবার (২২ জুন) দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে।

বিজ্ঞাপন

সরকারের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এ সফরটা খুব ভালো হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণের পর টেলিফোনে কথা বলেছেন। আমাদের জন্য মালয়েশিয়া খুব গুরত্বপূর্ণ। আমাদের অনেক লোক সেখানে কাজ করেন। সেজন্য মালয়েশিয়া আমাদের জন্য বিশেষ গুরত্বের জায়গা। দেশের মঙ্গলের জন্য সফর গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে এ সফরের প্রধান আলোচনার অগ্রাধিকার থাকবে শ্রমবাজার; বিশেষ করে বন্ধ শ্রমবাজার আবার চালু করা।

সংশ্লিষ্টরা বলছেন, দুই শীর্ষ নেতাদের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে শ্রমবাজার। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, ভিসা জটিলতা, কনস্যুলার সেবার সীমাবদ্ধতা এবং অনথিভুক্ত কর্মীদের সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং কিছু অগ্রগতির ঘোষণা আসতেও পারে।

এছাড়া, সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ বিশেষ করে-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য, সুনীল অর্থনীতি, আসিয়ানের সমর্থন, মধ্যপ্রাচ্যে সংকটসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার মতো নানা ইস্যু আলোচনায় আসতে পারে।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মূলত মালয়েশিয়া সফরটা একদিনের হবে। ২২ জুন সফরের সব আনুষ্ঠানিকতা। একদিনের হলেও সফরটি বেশ তাৎপযপূর্ণ হবে। সরকার প্রধানের সফর বিনিময় সবসময় ইতিবাচক। সফর হলে সম্পর্ক বাড়ে, কাজে গতি পায়। সফরটি ভালো হবে বলে আমরা আশা করছি। শ্রমবাজার আমাদের প্রথম অগ্রাধিকার। এছাড়া, ব্যবসা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতার মতো বিষয় আছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি ইস্যু বেশ গুরত্বপূর্ণ। মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু বড় ব্যাবসায়ী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সাক্ষাতের কথা রয়েছে, সেই তালিকায় এনার্জি কোম্পানির প্রধান নির্বাহী রয়েছেন।

উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের (২০২৫) আগস্টে মালয়েশিয়া সফর করেছিলন। সে সময় মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর