Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির দায়ে ঝিনাইদহ ভূমি অফিসের কর্মচারীর ২৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১১:৪৮

যশোর: ঝিনাইদহের ইউনিয়ন ভূমি অফিসের দাখিলা বইয়ের পাতা গায়েব ও দুর্নীতির দায়ে অফিস সহায়ককে ২৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম ভিন্ন ভিন্ন ধারায় তাকে এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অফিস সহায়ক রেজাউল হক ভাস্কর মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন ধারার দণ্ড মিলিয়ে মোট ২৭ বছর হলেও আদালত রায়ে সব সাজা একসাথে চলবে বলে উল্লেখ করেছেন। ফলে আসামিকে দণ্ডগুলোর মধ্যে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর নেপা ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত থাকাকালে রেজাউল হক ভাস্কর ২০১৬ সালের ১৬ নভেম্বর ওই অফিসে ব্যবহৃত দাখিলা বই থেকে বিভিন্ন সিরিয়ালের মোট আটটি পাতা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে ছিঁড়ে নেন। অফিসের অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদে রেজাউল তা স্বীকার করেন এবং কয়েকটি পাতা ফেরতও দেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে দুইটি ডিসিআর কপিসহ বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সিলমোহর, টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আসামি করে মামলা করেন নেপা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শাহজাহান আলী। এ মামলার তদন্ত শেষ দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক রিজিয়া খাতুন আসামি রেজাউল হক ভাস্করকে অভিযুক্ত করে ২০১৮ সালের ১৯ মার্চ ঝিনাইদহ জেলা জজ আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য যশোর বিশেষ জজ আদালতে পাঠানো হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে এ আদালত রায় ঘোষণা করে।

রায়ে রেজাউলকে ১৬১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪৬৭ ধারায় দশ বছর সশ্রম কারাদণ্ড ৫ হজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪৬৮ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, ২০৪, ৪৭১, ৪৮৫, ৪৮৮ ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম করাদণ্ড, ২০১ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরো তিন বছর সংশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর