ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি আগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার অধীনে থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকই তেহরানকে এই নৌপথের নিয়ন্ত্রণ দিয়েছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (২৮ জুন) ইরাক সফরকালে বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
আরাগচি বলেন, ‘ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক সম্পর্কিত অগ্রগতি বিষয়ে আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি।’
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার অধীনে থাকবে। সব বাধা দূর হলে এই জলপথ আগের মতো পুরোপুরি সচল হবে। আমরা সেটিই বাস্তবায়নের জন্য কাজ করছি।’
আরাগচি বলেন, ‘এই দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপরই ন্যস্ত। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সমঝোতা স্মারকের আওতায় বিষয়টি পুরোপুরি স্পষ্ট। কোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি পুনরায় চালু হওয়ার প্রক্রিয়াও বিলম্বিত করবে।’