Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৭:২১

আপিল বিভাগ – ছবি : সংগৃহীত

ঢাকা: নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে, কয়েকজন ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে বিবাদীপক্ষ তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করতে পারবে না।

বিজ্ঞাপন

একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চান, আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে বিবাদীপক্ষের পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না। পাশাপাশি, আবেদনকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না- তা-ও জানতে চাওয়া হয়।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এবং চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর