Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৩

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা এবং শহিদ ও আহত পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে সংগঠন দুটির নেতাকর্মী ও শহিদ পরিবারের সদস্যরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর রাজনৈতিক, মিছিল-সমাবেশ ও সাংগঠনিক তৎপরতা বন্ধের দাবিও জানান তারা।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ সহায়তা ও মর্যাদা দিতে হবে। আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিরাপত্তা, আইনি সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা।

শহিদ পরিবারের সদস্যরা বলেন, স্বজন হারানোর ঘটনায় তারা ন্যায়বিচার চান। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের পাশাপাশি শহিদ ও আহত পরিবারগুলোর নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা। এ সময় ‘জুলাই হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

কর্মসূচি থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের সুচিকিৎসা এবং শহিদ ও আহত পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আয়োজকরা।

সারাবাংলা/এইচআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর