Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইশরাকের ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬

ঢাকা: মাদক, যানজট ও ফুটপাত দখলের মতো জনদুর্ভোগের চিত্র তুলে ধরে ঢাকা-৬ আসনের বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক।

বৈঠকে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে বর্তমানে মাদকের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। গেন্ডারিয়া, ঘুঁটিগড় ও মুনসিরটেক এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। এছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত এবং যত্রতত্র বাস ও যানবাহন থামার কারণে সৃষ্ট চরম যানজটে সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড, সদরঘাট, কাপ্তানবাজার এবং মুরগিপট্টির এলাকার বিভিন্ন সুনির্দিষ্ট সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এসব বিষয়ে স্থানীয় থানাকে বারবার অবহিত করার পরও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিটি করপোরেশন এবং ওয়াসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সাইফুল আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এফএন/এনজে