Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

ফাইল ছবি।

ঢাকা: উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন থাইল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকায় তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে আরও ঘনীভূত হতে শুরু করেছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে এটি আরও শক্তিশালী রূপ ধারণ করার শঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে এই নিম্নচাপটি পরবর্তীতে ভয়াল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা।

সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগটির নামকরণ করা হয়েছে ‘অর্ণব’, যা প্রস্তাব করেছে বাংলাদেশ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণাবর্তটি আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এর প্রভাবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশসহ ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ শনিবার পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এরই মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল রাখা হয়েছে। বঙ্গোপসাগর ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় আবহাওয়ার এই অস্থিতিশীল ভাব বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র উপকূলবর্তী এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর